ছো ট গ ল্প

ধূসর রংয়ের মনখারাপ

জয়দীপ রায়

                অনেক বছর পর অবসর নিজের মফঃস্বলে ফিরলো। কোথা থেকে ফিরলো, কেউ জানে না। প্রায় দশ বছর। এই দশ বছরে অবসরের জীবনে কি কি ঘটে গেছে সে বিষয়ে ও চিঠিপত্র দিয়েও কাউকে কিছু জানায়নি। এই দশ বছরে মফঃস্বলও নিজের কোনও খবর দেয়নি অবসরকে।

             বাবা মারা যাবার পরেই বাড়ি ছেড়েছিল অবসর। মা তারও সাত-আট বছর আগে মারা যায়। বাবা মায়ের অনেক  বয়সের একমাত্র সন্তান অবসর। বাবা মারা যাবার পরে ঘাট কাজ হয়ে গেলে বাড়িটা তালা দিয়ে চাবিটা সবুজের বাড়ি গিয়ে দিয়ে এসে বলে, চাবিটা রাখ, আমি রাতে চলে আসবো। পাশেই ছিল সবুজের বাড়ি। পুরনো বন্ধু। ব’লে, চলে যায়।

              তারপরে এই আসলো আবার। দশ বছর পরে। বন্ধুরা ভেবেছিল, সাধু হয়ে গেছে। তিন কুলে কেউ নেই, কয়েকটা বন্ধু ছাড়া। দু’তিন বছর যখন কেটে গেল, তখন একদিন গঙ্গাসাগরের মেলার সময় কাগজে কয়েকজন সাধুবাবার মধ্যে একজনকে দেখে সবুজরা চমকে উঠেছিল। অবসরই তো! শুধু নীল বলেছিল, নানা, অবসরের কান অত বড় ছিল না। কিন্তু বন্ধুদের মনে হল, ব্যাটা ভবঘুরে হয়ে যেতেই পারে। শেষদিকে খুব রাহুল সংকৃত্যায়নের কথা বলত।

          যে অফিসে চাকরি করত, সেখানকার কলিগরা জানত অবসর মাওবাদী হয়ে ছত্তিশগড়ের জঙ্গলে কাটাচ্ছে। এ ধারণাটার আমদানী কে করেছিল বলা মুশকিল। তবে অফিসে কখনও পলিটিক্যাল আলোচনা হলে অবসর বলত, হবে না, এভাবে হবে না। কি হবে ভোট দিয়ে? সব গটআপ। গণতন্ত্র কন্ট্রোল করে কর্পোরেট আর মিডিয়াই। কোথাও যেন একটা আল্ট্রালেফ্ট মনোভাব বেরিয়ে আসত অবসরের আর্গুমেন্টে।

           যে সেলুনে অবসর নিয়মিত চুল কাটত, সেখানে খবর হল, অবসর সিরিয়ায় গিয়ে আইসিসের ট্রেনিং নিয়ে এসে পুরো দস্তুর জঙ্গি বনে গেছে। আখলাখকে যখন পিটিয়ে মারা হল, সেদিন দাড়ি কাটাতে কাটাতে সবার সামনে অবসর বলেছিল, গরুর মাংস কাছে পেয়েছে তো কি হয়েছে, ওতো কতই খেয়েছি। যখন চাকরির কোচিং নিতে রফি আহমেদ কিদোয়াই রোডে যেতাম, রোজ বিফ্কাবাব আর পরোটা খেতাম। কত সস্তা!

         হাত কেঁপে গেছিল নাপিত শম্ভুর। পাড়ার মোড়ের দোকান। আশপাশে সবই হিন্দুর বসবাস। এরকম কথা কেউ শোনেনি কখনও। তখন থেকেই শম্ভু এবং খদ্দেররা জানত এ একদিন ধর্ম পাল্টাবেই। অবসর চলে যাবার কিছুদিন পরে একজন এসে সন্ধ্যে বেলায় শম্ভুর পাশের চেয়ারটায় বসে বললো, সলিড খবর নিয়ে আসলাম মালটার। সন্তুর মামা দুবাইতে বড় ব্যবসা করে। ও কিভাবে মামার সোর্সে খবর নিয়ে এসেছে গরুখোরটা সিরিয়ায় আছে। ট্রেনিংনিতে গেছে। শম্ভুছাড়াও যারা ছিল, সবাই যেন খুব স্বস্তি পেল। তাইই তো হওয়া উচিত।

             যে লাইব্রেরী থেকে বই কিনত অবসর, সেখানে শহরের সব বিদ্বান মানুষেরা বসেন। রিটায়ার্ড হেডস্যার, কবি, সাহিত্যিক। অবসরকে অনেকেই চিনত। ভালো ছেলে বলেই জানত। তারা বলাবলি করলো, শেষদিকে ছেলেটা এলোপাথাড়ি পড়াশুনো করছিল। কোনও দিন ফ্রয়েড নিচ্ছে, পরের দিনই একটা সস্তা ভুতের গল্পের সংকলন। কোনও দিন রান্নার বই। একদিন যখন স্বপনকুমারের বই খোঁজ করল, সেদিন থেকেই অবনীবাবু বুঝলেন, অবসর একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। অবনীবাবু মাস্টারমশাই ছিলেন অবসরের স্কুলে। ওদেরও কানে আসত অবসরের সাধু বা মাওবাদী হয়ে যাবার কথা। কিন্তু সিরিয়ার কথাটা শুনে সবাই খুব হাসাহাসি করেছিল সেদিন। অবনীবাবুরা এটাই ভেবেছিলেন, কোনও হোমে হয়তো চলে গেছে অবসর। কোনও একদিন নিশ্চয় ফিরে আসবে।

            অবসর জানতেও পারেনি, যে মফঃস্বলে সে বড় হয়েছে, সেই জায়গা বাড়তে বাড়তে এরকম বড় শহর হয়ে যাবে। ষ্টেশনে ট্রেন থেকে নেমে দেখলো চারিদিকে আট-দশতলা করে সব ফ্ল্যাটবাড়ি। অথচ ষ্টেশনটা একদম শহরের বাইরের দিকে ছিল। একদিকে শেষ শহর আর একদিকে গ্রাম। একটু এগোলেই খাল বিল সবুজ মাঠ। সব পাল্টে গেছে। এক নাম্বার প্ল্যাটফর্ম দিয়েই বাইরে বেরলো, যে রকম চিরকাল বেরিয়েছে। বাইরে বিশাল পার্কিং। সার সার ওলা উবের দাঁড়িয়ে। অবসরের মাথাটা গুলিয়ে গেল। কোনও ভ্যান দেখছি না কেন? তবে কি সুন্দরডাঙায় আর ভ্যান চলেনা! অবসরের শহরের নাম জ্বল জ্বল করে লেখা আছে ষ্টেশন বিল্ডিংয়ের গায়ে, সুন্দরডাঙা জং।

যাক, টোটো চলে। একটা টোটোর কাছে গিয়ে দাঁড়াল অবসর।

-কোথায় যাবেন ? টোটোওয়ালা জিজ্ঞেসকরে।

-শান্তিনগর চলুন। বাড়িতেই যাই আগে, ভাবল অবসর।

-ওয়ান না টু? গাড়ি চলতে শুরু করল।

-মানে?

-শান্তি একে যাবেন না দুইয়ে?

দুটো শান্তিনগর! কবে হল! থমকে গেল অবসর। এদিক ওদিক দেখতে লাগল। এই টোটো গুলো থেকে পুরোটা দেখা যায়। গ্লাস রুফ। দশ বছর আগের পুরনো সরু ষ্টেশন রোড কোনও এক ম্যাজিকে যেন ফোর-লেন হয়ে গেছে। আগে বাড়ি ঘরদোর বিশেষ কিছু ছিল না। একটা সিনেমা হল ছিল বাঁহাতে। সেটা এখন বিরাট মল হয়েছে। সবই চিনতে পারছে অবসর।

-দাদা, বললেন না কোথায় যাবেন ? টোটোওয়ালা দশ বছর পরে অবাক হয়ে দেশ দেখতে থাকা লোকটার ঘোর কাটিয়ে জিজ্ঞেস করল।

-দাদা, এটা আমার শহর। আমি দশ বছর পরে বাড়ি আসছি। আমার সঙ্গে কারোর কোনও যোগাযোগও ছিল না। দশবছর আগে তো একটাই শান্তিনগর ছিল।

টোটোওয়ালা বাঁদিকে চেপে টোটো থামিয়ে দিল। পেছন ফিরে ভাল করে একবার অবসরকে দেখে নিল।

-দশ বছর। মানে ওয়ান। এপারে। টোটো চালক এবার অবাক হয়ে অবসরকে দেখতে লাগল।

-ওপারেও আর একটা হয়েছে নাকি?

-হ্যাঁ, ওপারেই তো! নদীর পরে আর একটা ব্রীজ হয়েছে। টাউন হল মোড় থেকে ফ্লাই ওভারে করে রাস্তা উঠে গিয়ে নদী পেরিয়ে মণিগাঁর মাঠে নতুন বসতি স্হাপন হয়েছে। এপারের ভালো ভালো পাড়ার নামে ওপারেও নতুন নতুন পাড়া গড়ে উঠছে। মিউনিসিপ্যালিটি অনেক বড় হয়ে গেছে।

অবসর অত কিছু শুনতে পাচ্ছে না। দশ বছর পর প্রিয় কাউকে মানুষ যেভাবে দেখে, সে সুন্দরডাঙা দেখছে। ওই তো রামকাকার হার্ডওয়্যারের দোকান। এখন বেশ শোরুম হয়েছে। ব্যাঙ্ক মোড় এসে গেল। অবসর অভ্যাস মত গাড়ী থামাতে বলল।

ব্যাঙ্ক মোড় থেকে অবসরের বাড়ি পাঁচ মিনিটের হাঁটাপথ। অবসর কোলকাতা থেকে ফেরার সময় মোড়ে মামুর দোকান থেকে পান খেয়ে একটা সিগারেট ধরিয়ে বাঁদিকে শান্তিনগরের রাস্তা ধরে নেমে যেত। মেন রোডটা বেশ উঁচু। ঢালু পথে নামতেই শম্ভুদার সেলুন। কোনও কোনও দিন গালে হাত বুলিয়ে শম্ভুদার কাঠের চেয়ারে শেষ খদ্দের হয়ে বসে যেত।

আজও অবসর মামুর পানের দোকানে দাঁড়িয়ে গেল। কিমাম দেওয়া মিষ্টি পান মুখে পুরে একটা গোল্ডফ্লেক চাইল। দশবছর পরেও মামুই দোকানদার। চুল কিছু আরও পেকেছে। তাছাড়া দোকানটার মতোই মামুও বিশেষ কিছু পাল্টায়নি। মামু চিনতে পারলো না পুরনো খদ্দের। অবসর সিগারেটটা ধরিয়ে নেমে গেল বাঁদিকে শান্তিনগরের ঢালে। আজকেও গালে হাত বুলিয়ে দেখে নিল দাড়ি কাটার মতো হয়েছে কিনা। কাল সন্ধ্যেবেলাতেই কেটেছে। তবু শম্ভুদার কাঠের চেয়ারটা অবসরকে টেনে নিয়ে বসিয়ে দিল।

শম্ভুদাও চিনতে পারেনি। বয়সটা দশবছরে কুড়িবছরের ছাপ ফেলেছে শম্ভুদার চেহারায়। কিন্তু দেওয়ালে এগারো বারো বছর আগে টাঙানো করিনা কাপুর একটুও টসকায়নি। সেই পুরনো ঠান্ডা হাতে শম্ভুদা দাড়ি কাটা হয়ে যাবার পরে আদর করে আফটার শেভ লাগিয়ে দিল। শম্ভুদাকে রেটের চেয়ে কিছু বেশী দিয়ে বেরিয়ে আসলো অবসর। শম্ভুদা চেষ্টা করছিল চেনার। অবসর আফটার শেভ লোশনের তাজা গন্ধ ছড়িয়ে নেমে আসলো রাস্তায়।

সবুজ বাড়ি নেই। কিঙ্কিনিও চিনতে পারল না অবসরকে। অবসরের মনে আছে দুতিনবার একসঙ্গে বেড়াতে গেছে অনেকে মিলে। কিঙ্কিনি খুব ভালো গান গাইত। মৌসুমী ভৌমিকের আমি শুনেছি সেদিন তুমি গানটা মান্দারমণির রাতের সমুদ্রের অন্ধকারে বসে একবার কিঙ্কিনি করেছিল। সেদিন যেন সমুদ্রও ঠান্ডা হয়ে গেছিল। হাওয়াও নিঃশব্দে বয়ে ছিল। সবুজ, নীল, অবসর সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিল। কিঙ্কিনিও চিনল না অবসরকে! সবুজ যে কিঙ্কিনিকে ভালবাসে, এটা অবসরই জানিয়েছিল মেয়েটাকে প্রথম।

অবসর বেরিয়ে আসলো সবুজের বাড়ির গেট টেনে দিয়ে। মনটা ভীষণ খারাপ হয়ে রয়েছে। এতক্ষণ ধরে শান্তিনগরের রাস্তা দিয়ে আসল অবসর। পুরনো লোক অনেকে আছে। কেউ ব্যাগ নিয়ে দোকানে বেরিয়েছে, কেউ বাচ্চা নিয়ে হাঁটতে। কেউ ফিরেও দেখলো না আর এক নিরুদ্দেশ পুরনো মানুষকে। যেন সে নেই আসলেই। অচেনা লোককেও তো মানুষ চোখ তুলে দেখে একবার। অবসরের হঠাৎ মনে হল সে মরে ভুত হয়ে যায়নি তো! কেউ হয়তো তাকে দেখতেই পাচ্ছে না। কিন্তু এইমাত্র যে কিঙ্কিনির সাথে কথা বলে আসলো অবসর। মেয়েটা নিশ্চয় হাওয়ার সাথে কথা বলেনি।

একটু আশ্বস্ত হল অবসর। কিন্তু মন খারাপ একটুও কমল না। ঠিক করলো বাড়ির সামনে দিয়ে যাবে না। যদি অবসর নিজের বাড়ি চিনতে না পারে! ওটা এতদিনে কোনও ক্লাব বা পলিটিক্যাল পার্টির অফিসও হয়ে যেতে পারে। হাতবদল হয়ে যেতে পারে। দশবছর অনেক সময়। সবুজের বউ চিনতে পারল না, শম্ভুদা, মামু, পাড়ার কোনও লোক কেউ চিনতে পারল না। অবসর দেওয়ালের করিনাকাপুরকে চিনতে পারলেও যদি নিজের বাড়ি চিনতে না পারে! সবুজদের বাড়ি থেকে বেরিয়ে একটু চেষ্টা করলেই গাছপালার ফাঁক দিয়ে অবসরদের বাড়িটা দেখা যেত। দশ বছর গুম থাকা মানুষটা নিজের বাড়ির দিক থেকে চোখ ফিরিয়ে নিল। ভয়ে। সবার মতো যদি বাড়িটাও চিনতে না-পারে তাকে!

অবসর সারা  জীবন হেঁটে আসা বাজার যাওয়ার গলি দিয়ে, চেনা সব বাড়ির সামনে দিয়ে, চেনা মানুষদের উঠোনের উপর দিয়ে, রাহুলদের বাড়ির চিরকালীন ঝগড়ার ভিতর দিয়ে বড় রাস্তার দিকে এগিয়ে গেল। কোলে পিঠে করে বড়করা বাবার বন্ধু মন্টু কাকা বাড়ি থেকে বেরোচ্ছিল। চোখে চোখ পড়লো। মন্টু কাকা ঘাড় ঘুরিয়েও একবার দেখল না। কেউ তাকে চিনতে পারল না, কেউ মিষ্টি হেসে বলল না, ভাই, কেমন আছিস। কোথাও কোনও পাখিও ডেকে উঠল না। বৃষ্টি পড়লো না। তীব্র গন্ধওয়ালা কোনও ফুলের গন্ধও বাতাসে ভেসে আসল না। অবসর অন্তহীন এক হাঁটা হাঁটতে লাগল। এক অদ্ভুত ধূসর রংয়ের মনখারাপে ডুবে যাওয়া একটা বাজারে যাবার রাস্তা দিয়ে বড় রাস্তার দিকে এগিয়ে যেতে লাগল অবসর। ভেবেছিল বাড়ি ফিরে গোটা মফঃস্বলকে গল্প করে করে জানাবে গত দশ বছরে সে যা জেনেছে। নদীর পাড়ে গিয়ে বসবে একদিন বিকেল বেলা। নদীর সঙ্গেও তার অনেক কথা বাকি। না, থাক। গোটা বাড়ি তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। একবারও কেউ জানতে চাইলো না, অবসর, এত রোগা হয়ে গেছো কেন তুমি।

অভিমানে ডুবে যেতে যেতে শেষমুহুর্তে অভিমান বড় রাস্তা পেয়ে গেল। বাস, ট্রাক, ট্রাভেলার চলা প্রাচীন বৃক্ষে ছাওয়া বড় রাস্তা। এই গাছে ঢেকে গুহার মতো হয়ে যাওয়া বড় রাস্তা ধরে পৃথিবীর যে কোনও জায়গায় চলে যাওয়া যায়। অবসর জানে না এখন সে কোথায় যাবে। কিন্তু প্রিয় মফঃস্বল ছেড়ে সে চলে যাবে। এবার আর শান্তিনগর-টু দেখা হল না। নতুন ব্রীজে নদী পেরিয়ে মণিগাঁর মাঠে নয়া বসতি দেখা হল না। আবার আসবে অবসর। আরও তৈরী হয়ে আসবে। এমন কিছু করে আসবে যাতে গোটা জনপদ তাকে মেনে নেয়। তার দশ বছরের না-বলে নেওয়া আত্মগোপনকে ক্ষমা করে দেয়। চোখে চোখ পড়লে হাসে, চোখ ফিরিয়েও নেয়, ঈর্ষার দৃষ্টি  দেয়। তাচ্ছিল্যও করে। যা যা আগে করত মফঃস্বল অবসরের সঙ্গে সব যাতে আগের মতোই করে, তার জন্যে নতুন করে অবসর কিছু একটা করে আসবে।

কলকাতামুখী একটা বাসে উঠে পড়ল অবসর।