গৌতম দত্ত

অলজহাইমার ও এক সম্পূর্ণ কবিতা

বৃষ্টি পড়ে মুষলধারে আমি হাঁটছি, কেউ বলছে কালবৈশাখী কেউ বলছে সাইক্লোন, কেউ বলছে তোমার বিষাদ বারি, ছাতা ধরার কেউ নেই, এমনকী একটা বর্ষাতি নেই হাতে, তবু আমি শুকনো খটখটে, আমি তো তোমার সঙ্গে ভিজব বলেই পা রেখেছি রাস্তায়।

অনেক সময় তোমার ইচ্ছা অনিচ্ছাতে কিছু যায় আসে না। আমি কী চেয়েছিলাম যুদ্ধ, মৃত অশ্বের স্কন্ধকাটা চিৎকার, না স্মৃতির ঘরে আগুন, এত বছরের মিথ্যে প্রতিশ্রুতি, প্রত্যহ শুকনো রুটির সমঝোতা, রিক্ত হিংসার রাংতা মোড়া চকোলেট জীবন।

দুপায়ের তলা দিয়ে বইছে কষ্ট নদীর স্রোত, দাঁড়িয়ে আছি শুকনো সংসার  বালির ওপর যেখানে একমাত্র নোনাজল তাও সে নিজেদের শরীরেরই অংশমাত্র।

মুহূর্তগুলো হারিয়ে যায় আর এক সময়ের জটিলতায়। এত জটিল আর প্রাচীন এই ব্রেণবটবৃক্ষ যে আমার চেতনা কী করে অবলুপ্ত হয় নিজের অজান্তে। এই তুমি তুমিও অচেনা হও সন্তানের সঙ্গে সঙ্গে। তোমরা বলবে অলজহাইমার আর আমি বলব এবার আমি সম্পূর্ণ কবিতা।