কার্তিক নাথ
দরজাটা খুলে রাখা ভালো
দরজাটা খুলে রাখা ভালো,
অনেকটা আলো আসে,
বাহির কীভাবে আসে মনের ভেতর !
এত অন্ধকার !
ভীষণ অসহ্য লাগে, দমবন্ধ হয়ে আসে শুধু
নিজেকে জাগাব বলে
দরজার কাছে গিয়ে বসি
সবুজ পাতার ফাঁকে কীভাবে ডাকছে ওই
বদ্রিকা পাখিটি
হরিমাধবের গোয়ালের আলো এল
দরজাটা খুলে রাখা ভালো
উন্মুক্ত দুয়ারে এল আকাশের খেলা
দরজাটা খুলে রাখো,খুলে রাখো,
সরে যায় বেলা