তন্ময় ভট্টাচার্য
শীতকাল
সে-কোন যুগের লোক, ধোঁকা খেয়ে ঘরবন্দি মাস
ভয়ের মুখটি সেই থেকে আর আসেনি আলোয়
হয়তো এসেছে, মুখে ঝিরিঝিরি পাতার ছোঁয়াচ
সেরে যাও ভালোয়-ভালোয়
সেরেও আবার জেদ, আরোগ্য পেয়েছে যার স্বাদ
সহজে ছাড়িয়ে নিলে আবার ভয়ের উপক্রম
আঁকড়ে রয়েছ, ভীতু লোক
হাত থেকে খসে যাচ্ছে আগেকার সমস্ত নরম
হিংস্র শীতের দিন; দখল, দখল চাই ওর
সারাক্ষণ আমাকে ভাবুক
বোধশূন্য, জ্ঞানশূন্য, হ্যাঁ-তে হ্যাঁ ও বিরহে পাথর
আমার মনের কথা নকল করবে তার মুখ
এভাবে হতেও পারে; হয়…
ও লোক, ভীতুর ডিম, টের পাও ঝরার সময়