সঞ্জয় হালদার
তালপুকুর মাঠ
কাঁচা সবুজে মুখ ডুবিয়ে মানিকচাচার ছোটোপুকুরে হেলেনাদের আসাদ উৎসবে আগমনী গান… তালপুকুর মাঠের বুক চিরে সরু রাস্তার মুখে বীণাপিসিদের বাড়ি। আরও একটু দূরে বিমল, নীলিমাদের… সুবোধমাস্টারের সন্ধের ভূগোল পড়া ভুলে যেতে সাহায্য করতো হ্যারিকেনের মায়াআলোয় বীণাপিসির অদ্ভুত আর্তিতে গেয়ে ওঠা রবিবাবুর গান ‘আহা আজি এ বসন্তে, এতো ফুল ফোটে…’ বাঁশের খয়েরী রঙের জানালার মলিন কাপড় সরিয়ে বীণাপিসির ভারী সুন্দর বিনুনী করা চুল বুকের জামায় যেখানে গোলাপফুলের কুঁড়ি প্রিন্ট থাকতো সেখানেই মুখ লুকোনো দেখে, গোটা পৃথিবীটাকেই কেমন রহস্যময় মনে হতো…
মাঝখানে পনেরো বছর পর…বহুদিন যাওয়া হয়ে ওঠেনি ও পথে… আজ তালপুকুর মাঠে রাসমেলা, আমার সাত বছরের মেয়ে হারমোনিয়ামকে সুর শেখায়, ‘সখীর হৃদয় কুসুম কোমল…’ বিকেলের নতুন আলোয় চেনা গেল না কিছুই, পুকুর মজেছে। বড়ো মাঠ, বিমল, নীলিমারা কেউ নেই, কোথাও… বীণাপিসিদের ঈষৎ বদলে যাওয়া বাড়িটার পাশ দিয়ে যেতেই কানে এলো, কে যেন ভারী গলায় গাইছে, ‘মেরা কুছ সামান তুমহারে পাস্ পড়া হে…’