ব ই  উ ৎ স ব

সাদা পাতার ওপর কেঁপে উঠেছে মায়াতরবারী

সুদীপ বসু

   ‘Being aware of…displacement is the rust on the razor that threatens the throat. It is an unnecessary insult’. –  Maya Angelou

 

            সভ্যতার প্রবাহকে যদি একটা অভিধান হিসাবে দেখা যায় তবে সময়ের সঙ্গে সঙ্গে সব শব্দ মুছে গেলেও অন্তত গোটা তিনেক শব্দ চিরস্থায়ী জলছাপ হ’য়ে বসে গেছে। তারা হ’ল উৎখাত, উদ্বাস্তু ও শরণার্থী। মানুষের উচ্চাকাঙ্খা আর উচ্চাশার সঙ্গে, ক্ষমতা দখলের অন্ধ বিক্রমের সঙ্গে একেবারে লীন হ’য়ে আছে অন্য মানুষকে তার হকের ভিটেমাটি থেকে সবলে উচ্ছেদ করে দেওয়ার উগ্র বাসনা, স্থায়ী ঠিকানাওয়ালা মানুষকে পলক-না-ফেলতে ঠিকানা চিহ্নহীন করে দেওয়ার অন্ধ আতুর লোভ। মানুষের সঙ্গে মানুষের আদিমতম সম্পর্কের একটা বাহ্যিক রূপ যদি হয় যুদ্ধ, তবে দ্বিতীয়টি হ’ল এই উৎপাটন ও শরণার্থী শিবিরের বাস্তবতা। বড় আহ্লাদে মাথার ওপর যে চাল গড়েছি আমরা, চারপাশে অহঙ্কারের চারটে দেওয়াল তুলেছি, চকখড়ি দিয়ে আমার জমির আমার জেলার আমার রাজ্যের আমার দেশের বর্ডার এঁকেছি এতদিন, যদি হঠাৎ একদিন কোনো অপ্রত্যাশিত ওয়ারেন্ট এসে নিমেষে সেসব নস্যাৎ করে দেয় তবে ‘আশ্রয়’ শব্দটি তার সমস্ত ভার ও ভরসা হারিয়ে সময়ের বিদূষক হ’য়ে ওঠে। শব্দের বাফুন হ’য়ে যায়। ঘটিবাটি নিয়ে রাতারাতি সড়কে নেমে আসা গৃহহারা মানুষের চোখে তখন ‘আশ্রয়’ এক আশ্চর্য ঠাট্টা হয়ে যায় বইকি।

            ‘আশ্রয় এক আশ্চর্য ঠাট্টা’– নয়ের দশকের একেবারে গোড়ার দিকে কাব্যের মাদকতায় পাঠকমন আচ্ছন্ন করে রেখেছিল যাঁর ‘কার্ণিশে বিষন্ন মেঘ’ বইটি, সেই নিভৃতচারী কবি দেবাশিস চন্দের দ্বিতীয় কাব্যগ্রন্থের এই নাম এমনভাবেই সমসময়কে বিদ্ধ করে। স্বভূমি থেকে উৎখাত হওয়ার বেদনা আর আর হারানো মাতৃদেশের জন্য স্মৃতিমেদুরতা লীন হ’য়ে থাকে তাঁর কবিতায়। কিছুদিন আগে একটি অন্তর্জাল পত্রিকায় (আবহমান ডিসেম্বর ২০১৮) তিনি লিখেছিলেন – ‘স্নেহ ভালোবাসা এক পরবাসী চাঁদ / অকাল অমাবস্যা দিগন্তে তুমি শরণার্থী / একের পর এক সীমানা পেরিয়ে চলেছো / এক টুকরো মাটির খোঁজে, অন্ন তো অলীক’(পরবাস)। প্যাঁচপয়জার নেই, রাখঢাক নেই, ইনিয়ে-বিনিয়ে বলা নেই, এই নতুন বইয়ে তিনি সরাসরি জানান – ‘ভিটেমাটি বলে তোমার আর রইল না কিছু, শূন্য চৌকাঠ / আশ্বিনে পুজোর বাজনা বেজে উঠলে ঘুরে বেড়াও, পথে পথে / আর তো বাড়ি ফেরার উপায় নেই।’ অথবা ‘উদ্বাস্তু তুমি, এতদিনেও ভিটেমাটি ছেড়ে বেরিয়ে পড়তে হল / ভদ্রতার মুখোশ আঁটা পরিবারের লোকেরা লুট করে নিল সর্বস্ব’ (উদ্বাস্তু)।‘সান্তার অপেক্ষায়’ লেখাটিতে বলছেন –‘… সেই ছোট্ট শহরও আজ কতদূরে সরে গেছে / ঘষা কাচের মতো ঝাপসা হ’য়ে আসছে সব … / অপরাহ্নের আলোয় ভেসে ওঠে শুধু লোভী ক্রুর কিছু মুখ, / দুঃখ হয় বলতে সান্তা, তারা আমারই ঘনিষ্ঠ স্বজন।’

            এখানে উল্লেখ করা যেতে পারে যাঁরা তাঁকে ভিটেছাড়া করেছে, কেড়ে নিয়েছে বাপপিতামহের চষা জমি, মাথার ওপরের আকাশ, প্রবল বেদনার ভেতরেও কিন্তু কবি তাঁদের সঙ্গে মানবিক সম্পর্ক অস্বীকার করেননি। বারবার তিনি তাদের আত্মীয়তা মেনে নিয়েছে। হতে পারে লোভদীর্ণ কিন্তু পরিবারের একজন তো বটেই, হতে পারে লালসাকূটিল তবু ঘনিষ্ঠ স্বজন তো বটেই। এখানেই এই কবির স্বকীয়তা। শব্দ আর বাক্যরীতি নিয়ে প্রাণহীন সার্কাস নয়, সোজাসাপটা তাঁর বলার ভঙ্গিমা। তাঁর ভাষা কবিতার আত্মাকে বড় মমতায় ছুঁয়ে থাকে। বিপুল বিপন্নতার মধ্যেও তিনি মায়াময় –‘ঘর বলে আর তোমার কিছু রইল না / আশ্রয় এক আশ্চর্য ঠাট্টা, সঙ্গী ধ্রুবতারা / …বিষাদ রাত্রির মৌন অন্ধকারে তুমি একা’(আশ্রয় এক আশ্চর্য ঠাট্টা)। দিকভ্রান্ত ক্রোধ নেই, একধরণের ঠান্ডা অভিমান আছে তাঁর লেখায়। আর হয়তো সে কারণেই ছিন্নমূল মানুষের যন্ত্রণাকে তিনি আরো গভীর দার্শনিক ডাইমেনশন দিতে পেরেছেন। লিখছেন –‘অতএব তুমি যেখানেই যাও … / আদতে যাবে না কোথাও / থেকে যাবে এখানে, এই ঘরে …’(ঠাকুমা)। মানুষ একই পরিসরে থেকে যায়, বাহ্যিকভাবে তার স্থানাঙ্ক বদল হয় শুধু।’

             কিন্তু দুনিয়া জুড়ে চলা এই উচ্ছেদযজ্ঞ তো আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা একটা সুবৃহৎ ট্র্যাজেডির সামান্য ভগ্নাংশ। আর সেই ট্র্যাজেডি হ’ল বছরের পর বছর ধরে দেশে দেশে শোষণমূলক ব্যবস্থা কায়েম করা আর সমাজের প্রান্তবর্তী মানুষদের চুরমার হ’য়ে যাওয়া পাঁজর পিষে দিয়ে ‘সভ্যতা’ আর ‘উন্নয়নের’ রথের চাকা চালিয়ে নিয়ে যাওয়া।  বিশ্বব্যাপী মার্কেট ক্যাপিটালের আগ্রাসী রমরমার এই যুগে মানবসম্পর্কগুলি যে প্রায় তলানিতে পৌঁছেছে কবি দেবাশিস চন্দ তার বেদনাবিদ্ধ ছবি আঁকেন ‘বাড়ি বদল’ কবিতাটিতে –‘সম্পর্ক বলে কিছু হয় না, সবই অলীক / সম্পর্ক এখন ক্রমশ নেমে যাওয়া এক খাদ।’যেখানেই নিপীড়ন, বলপ্রয়োগ, অবদমন সেখানেই সাদা পাতার ওপর কেঁপে উঠেছে তাঁর মায়াতরবারী। বেদনা এক অতি ব্যক্তিগত অনুভূতি কিন্তু তা যখন শিল্পরূপ পায় তখন তা সমগ্রের শোক হ’য়ে ওঠে। দেবাশিস চন্দের কবিতায় ব্যক্তি সমগ্রে আর মুহূর্ত চিরন্তনে রূপান্তরিত হয়। মায়াবীর মতো যাদুবলে তিনি ফুটিয়ে তোলেন এক দুনিয়া যেখানে ‘স্মৃতির গোপন কুলুঙ্গিতে ঝলসায় ঘাতকের গোপন ছুরি।’

            মনে পড়ে প্যালেস্তানিয় কবি মাহমুদ দরবিশের সেই অবিস্মরণীয় পংক্তি –  ‘আমরা সেই দেশের দিকে হেঁটে যাই / যা আমাদের মাংসের নয় / যার বাদাম গাছগুলোতে খুঁজে পাবে না / আমাদের অস্থি হাড়গোড় / আমরা সেই দেশের দিকে হেঁটে যাই / যে আমাদের জন্য ঝুলিয়ে রাখে না কোনো বিশেষ সূর্য। / … আমাদের আছে এক দেশ / অদৃশ্যকে দেখে যাওয়া শুধু।’

যোগেন চৌধুরীর প্রচ্ছদ নজর কাড়ে ।

আশ্রয় এক আশ্চর্য ঠাট্টা♣  দেবাশিস চন্দ ♣ আদম  ♣১২৫ টাকা