প্রগতি বৈরাগী

বিষমঙ্গল

মধুমাস গত হলে মুছে যায় রমণী রোদ্দুর

বিকেল ঘনালে আসি, আছড়ে পাথরে ভাঙি

আবেগের পেয়ালা পিরিচ, টুকরো ঝিকিয়ে ওঠে

উথলায় ধুকপুক পূর্বতন হিরন্ময় পাপ

জ্বলতে জ্বলতে দিন নিভে আসে

আমি তাতে যত্ন হাতে আগুন লাগাই

ঘুরে ফিরে নাচি, গাই বেদেনীর প্রাচীনপুকার

বিষসিদ্ধ ফল রাখি জিভের তলায়

গোড়ালির নীচে মুখ, কী সুখে ঘুমায়

স্নিগ্ধপ্রাণ, প্রেমশব, মথিতকুসুম

ক্ষুরচিহ্ন শির ডোবে ধূলার শয্যায়

শিরদাঁড়া ভেঙে যায় তালের আঘাতে

কী লোহিত, অকপট, ফেনা ওঠে…ফেনা ওঠে

অচিরে পিছল । তবু তার অশ্রু, তাপ

একমাত্র পরমাদ, পাঁজরের আলপথে

কুঁদে রাখা আধোতৃপ্ত সাধ

প্রণয়ে ছোপানো নখ ধুয়ে আসি

ধুয়ে আসি গুপ্তকথা আলতা অধিক

হা-হা করে আয়ুরেখা, পাটিপত্র

হা-হা করে বিষহরি ভাসানের গান