তমাল বন্দ্যোপাধ্যায়
বৃন্দাবনী সারঙ
আলাপ
বলো হে উন্মাদ আলো, বলো, কার আকাশীচূড়ায়
বলো, কোন প্রাকারের অতিশয় নিবিড় মোহনা
তোমাকে রেখেছে ধীর, ক্লান্ত সব বিশেষের দেশে…
দিয়েছে জলের কাছে বসন্তবাসনার প্রিয় নাম…
২.
প্রত্যেক কান্নার নীচে পড়ে থাকে অশ্রুকণাটুকু।
প্রতিটি শব্দের পাশে অপেক্ষায় থাকা নীরবতা
জলের সামান্য নিয়ে ভরেছিল আপনার ক্ষত…
অদূরে যমুনা স্থির। আদিশোভাটির কাছে নত।
৩.
এবার সাজাও যত অভিমানী জননীপ্রয়াস।
যেন এ যমুনাশব্দে আঁখিতারকার কাছে এসে
বিষণ্ণ কদম্বমূলে থেমে যায় প্রিয় কোলাহল।
সাজাও তাহার রাত্রি, ব্রহ্মশব্দ, সমস্ত অতল…