গৌতম রায়
মহার্ঘ্য পুটলি
মা ইদানিং প্রায়ই সর্দি কাশিতে ভোগেন
কাফ সিরাপে কাজ হয় না আর
উপশমের ইনহেলার ভেস্টিবিউল চওড়া করলে
একটু স্বস্তি পান
আর্থারাইটিস একটি সচল পৃথিবীকে
কেমন বিছানা বন্দি করে দিচ্ছে
মা ছাড়া আর কেইবা বেশি বোঝেন ?
ভালো নয় জেনেও রোজ রোজ ওয়াইসোলন নিতে হয়
ছোট ছোট পায়ে বেরিয়ে এসে
স্থূলকোণে খোঁজ নেন সবার
শুভেচ্ছার অণু পরমাণুগুলি ছুটে এসে
নিরাপদ পর্যটন যাত্রার
ঝরায় হিরণ্যজল
আমরা সাজাই লাগেজ
অতিযত্নে পরিচিতি পত্রের সাথে
ঐ মহার্ঘ্য পুটলিও রাখি বুক পকেটে