রণবীর দত্ত
স্নেহাশীষ ও সত্য দেবনাথ
যাত্রার কথা ভেবেই ঢেউ উঠেছিল একদিন
অনেক অলিগলি পার হয়ে ঠোঁটের বিস্বাদ কাটিয়েছি
চরম বন্ধুতা আমাকে দিয়েছিল স্নেহাশীষ ভট্টাচার্য ও সত্য দেবনাথ
কিছুকাল হল ওঁরা মহাপ্রশান্তির কথা ভেবে গভীর অন্ধকারে
চুল্লির মধ্যে ঢুকে গেল একেবারে শেষ ঘুমে—
আমাদের নৈকট্যের তরল মুহূর্ত আনত পরাগ হাসি—
মাথা নিচু করে কীভাবে যে পালিয়ে এলাম দুবারেই
ওঃ কী যে ওঁদের থাবা! আমার মতো মর্কুটে হাঘর
শুধু ধুলোর চেয়ারে বসে ছাইপাঁশ কবিতা লিখেছি
আর একেকটি রাত্তির অপেক্ষা করে আমার নরকের ফেরেস্তা খোঁজায়
ঝুপ করে সন্ধ্যা নামার পর চরাচর জুড়ে দুটি নক্ষত্র খুঁজব
আর চিরকালের মতো তোমাদের পায়ের পাতায় আমার স্পর্শ ও চুম্বন