অর্ঘ্য দত্ত

ফেরা

এভাবেই একদিন আলবাট্রস গুটিয়ে নেয় পাখা

সমুদ্র ভ্রমণ শেষে। ঘোর কেটে গেলে

বেড়া দেয়া ঘরে ফেরে চাতক শ্রমণ…

আবার নতুন করে ভালো লাগে

কচুরিপানায় ঢাকা কুহকিনী ঝিল

মেঠো পথ, বকফুল, ঝরে পড়া হলুদ পালক

এই ভালো। কিছুদিন তীরে এসে বসো

নতুন সাগর আঁকো। মূর্তি গড়ো। স্বপ্নে থাক নতুন উড়ান…

আসলে কি ঘোর কাটে?

কাকে খোঁজা কে জেনেছে ঠিক!

দু’পাখা আদরে রেখে জলের হৃদয়ে ভেসে থাকা

অতল ইশারা সেজে ডাক দেয় মায়াবী ঝিনুক

যতই গভীরে যাও, তোমার ওড়ার ছায়া বাসি হয়ে গেলে

অনিবার্য ফিরে আসা, যেখানে লুকানো ছিল ডিম

পড়ে থাকে পড়ে থাক, রঙচটা ঝিনুকের শূন্য ধূ ধূ বুক…