ধা রা বা হি ক উ প ন্যা স

 

লোহার

মণিশঙ্কর

৮

 

    “ব্যাশ করিচে!” যারপরণায় অবাক হল সনাতন। যেন এমন কথা সে বাপের কালে কখনও শোনেনি। তাই বিদ্রূপের ঢঙে বাঁকা হাসল। বলল, “ব্যাশ কুথা তুমি বইল্লে খুড়া! হে-হে– ইয়ার লাগেই ছুটুলোকে–”

    “সনাতন্যা!” হুংকার ছাড়ল রামহরি। লালচোখের দৃষ্টি তার উপর ফেলে বলল, “বেশি মাতব্বরি করিস্ নাই। উয়াকে বলতে দ্যা আগে। তুদের ই জোরাজুরি ভাল লয় ব। লুয়ার হলেও ত উয়ারা মানুষেই বটে নাকি! ত, উয়াদেরঅ ত সমিস্যা কিছু রইতে পারে!”

“হে-হে-হে– মানুষ! লুয়াররা মানুষ! থাইলে আমরা কী বটি!” চমকে উঠে সনাতন চুপ করে গেলেও আরেক মাত্তবর হেসে ফেলল। বিদ্রূপের সঙ্গে বলল, “হে-হে-হে– ই আচ্ছা রহিস্যি লাগালি রে রামা! লুয়াররা মানুষ! হে-হে-হে!”

“না, আমি স্যা কুথা বলি নাই।” চট করে নিজেকে সামলে নিল রামহরি। কিন্তু সে আর কিছু বলার আগে হেঁকে উঠল অন্য মাতব্বরটি। বলল, “জাতে ছুটুলোক। তাই আবার দেবদেবীর গায়ের ময়লা, তুদের অত বাড় হয় কী কইরে রে শালা! আমি বিধান দিচ্চি, শালার লুয়ারের মুয়ে ঝাঁটা মাইরে ই গাঁ ছাড়া করা হোক। তাবাদে দিখা যাবেক্!”

“ক্ষ্যামা দাও বাপ্ আমার।” হাতের গোবর ফেলে ঝপ করে নিজের জায়গাতে হাঁটু পেতে বসে পড়ল কালিন্দী। মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করল। ধুলো তুলে জিভে ঠেকাল। বলল, “আমি নুয়ার সদ্দার। আমি আমার ঘাট মানচি। আমার লাইগে সোব নুয়ারদেরকে অতবড় সাজা দিঅ নাই। ক্ষ্যামা কর নুয়াদেরকে। উয়ারা ত তুমাদের এঁঠুয়া-ঝুটুয়া খাঁইয়েই কাল কাটায় গ বাপ্! তুমাদের ছিচরণের ধুল বৈ-ত আর কিছু লই আমরা!”

ঝরঝর করে কেঁদে ফেলল কালিন্দী। রামহরি বলল, “থাইলে তুঁই তুর ঘাট মানচিস্?”

“হঁ-হঁ ঠাকুর, মানচি। মানচি ঘাট। আমার ঘাট হঁইচে। এই আমি তুমুয়াদের সুমুয়ে কানমলা লিচ্চি। আর কখনু অমন কাজ হবেক্ নাই বাপ্ গ!”

কালিন্দী নিজের কান ধরল। তাকাল সবার দিকে। একজন মাতব্বর বলে উঠল, “শুদু কানমলা লিলে হবেক্! নাক রগাড় শালা। রগাড় নাক। মাতব্বরের কাছতক্ক নাক রগাড়ে আসে উয়াদের পায়ের ধুলা চাট।”

সঙ্গে সঙ্গে কালিন্দী ঝুঁকে মাটিতে নাক ঠেকাল। রগড়ে প্রথমে এল সনাতনের কাছে। তার পায়ে জিভ ঠেকাতে গেল। অমনি দু’পা পিছিয়ে গেল সনাতন। বলল, “দূর হ, শালা! দূর হ বলচি। শালা ছুঁইয়ে দিঁইয়ে ই রেতের বেলায় সিনা করাবি নাকি!”

কালিন্দী মুখ তুলল না। বলল, “না ঠাকুর। ছুঁব ক্যানে। ছুঁব নাই।” বলেই ঘুরল মাতব্বরদের দিকে। নাক রগড়ে এল রামহরির সামনে। জিভ বের করল। চাটতে গেল তার পা। রামহরি বলল, “হঁইচে-হঁইচে ল্যা। আর বাহাদুরি কইত্তে হবেক্ নাই। উঠে দাঁড়া।”

উঠে দাঁড়াল কালিন্দী। মাথা নত করেই রাখল। একজন মাতব্বর বলল, “ক’দিন ধরেই দেখচি, শালা তুদের দমে বাড় বাড়িচে। যা, ইবারে। আর শুন, অমন মতিবুদ্ধি আর কনুকালে করিস্ নাই বাপ্।”

“না ঠাকুর, আর কনু কালে কইরব নাই।”

“ব্যাশ, যা ইবারে। আর শুন, ই জায়গাটাতে গবুরছড়া দিঁইয়ে যা। নাইলে পারিস্ ত এমনিই পঁদ ঘুরাঁই পালাঁই যা! শালার ছুটুলোক জাতে ত কনু আচার-বিচারের ধার ধারে নাই কনু কালে!”

“না-না ঠাকুর! ই কী বইলচ! আমি সঙে করেই সার আনিচি।”

“ভাল কইরেচিস্। আমার মাথা কিনেচিস্। যা তাই কইরে ঘরের ছাঁ ঘরকে যা।”

“ঘরকে যাবেক্ মানে!” চেঁচিয়ে উঠল সনাতন। বলল, “আর আমার য্যা অতবড় ক্ষ্যাতিটা হঁইয়ে গেলেক্, তার কী হবেক্?”

“তার আর কী হবেক্! ক্ষ্যাতি একবার হঁইয়ে যখন গেইচে তখন–”

“না-না খুড়া! উটি বইল্লে চলবেক্ নাই। যদি তুমরা ইয়ার বিহিত না কর থাইলে আজ ই ষোলোআনার কাছেই আমি উ শালাকে আমার গতান্যা থাকে জবাব দিলম।”

“জবাব দিলম বল্লেই জুবাব দিয়া যায় নাকি রে ব, আঁ!” রামহরি আবার খেঁকিয়ে উঠল সনাতনকে। বলল, “উয়াদেরকে আমরা যেমন পালন করি তেমনি উয়ারাও ত আমাদের ক্ষ্যাতে-খামারে পেরাণ পাত কইরে মরে! অখন তুঁই যদি জবাব দিঁইয়ে দিস্ থাইলে উ যাবেক্ কুথাকে?”

“স্যা ভাবনা ত আমার লয় খুড়া। য্যা খালকে যাঁইয়ে মরবেক্ মরুকগ্যা যাঁইয়ে। আমি ত আর দানছত্তর খুলে বসি নাই!”

“শুন রে সনাতন্যা, অত দিমাক ভাল লয় রে ব। গরিব-দুখীর দুখে দাঁড়ালে ঘরের লক্ষ্মী তুর তুষ্টুই হবেক্। তবে হঁ, তুর দিগটাও দিখা দরকার বটে, ই আমরা মানচি। নাকি বলিস রে রামহর‍্যা?”

“হঁ, স্যা ত বটেই। থাইলে এককাজ করা হোক। কালিন্দ্যা তুরেই গত্যানা থাক। তবে খাটলি ই বছর উ পাবেক্ নাই। শুদু প্যাটের ভাতটা তুখে দিতে হবেক্। ইবারে বল, কী বলচিস্ তুঁই?”

“প্যাটের ভাত! সেট্যাই বা আর কম কীসের বটে! শালাদের অভর প্যাট ভরাতে ভরাতে ত আমার এগন্যার মরাইঅ খালি হঁইয়ে যাবেক্!”

“না, স্যা বললে চলবেক্ নাই ব। প্যাটের ভাত তুখে দিতেই হবেক্।”

“এই থাইলে ষোলোআনার বিধান হলেক্?”

“হঁ হলেক্। এই বিধানেই হলেক্।” হেঁকে উঠল রামহরি। হুঁকুটাকে পাশে নামিয়ে রাখল। বলল, “ইবারে তুঁই বল, ষোলোআনাকে অগ্যারাজ্জি করে একঘর‍্যা হবি, নাকি উয়ার প্যাটের দায় লিবি?”

এরপর আর কথা সরলা না সনাতনের। নিতান্ত দায়ে পড়ে মেনে নিল ষোলোআনার সিদ্ধান্ত। কালিন্দী এতক্ষণ কিচ্ছুটি বলেনি। মাথা পেতে সব মেনে নিচ্ছিল। এখনও কিছু বলল না। কিন্তু অন্তরটা তার কেঁদে উঠল। পেটের ভাতে বছরের বাকি দিনগুলো কাটানো মানে যে ক’দিন কাজ সে ক’দিন খাবার। আর শ্রমের মূল্য একদানা থাকবে না। কিন্তু সেই বা কী বলতে পারে! নিজের ভুলের দায় তো তাকে নিতে হবেই। তাই আবার নিজের মাথা মাটিতে ঠেকাল। বলল, “তুমরা নুয়াদের মা-বাপ্ বট! তুমাদের ঘর ধনে ভরে যাক গলা। আনক্কি-বানক্কি যা রে সোব বনে/ গলার মরাই ভরে উঠুক লিত্য-লৈতন ধনে…”

ছড়াকাটল কালিন্দী। শেষ দিকটায় নড়ে গলে তার কন্ঠ। তবু উঠে দাঁড়াল। চলে এল নিজের জায়গায়। যে গোবরলাদটি ফেলে গিয়েছিল তা তুলে নিল হাতে। রগড়ে দিল তার ছোঁয়া জায়গা। এই তো নিয়ম। তাদের ছোঁয়া ষোলোআনার কোনো দেবস্থানে পড়লেই তাতে গোবর ছড়া দিয়ে তাকে শুদ্ধ করে যেতে হয় তাদেরই। কালিন্দীও বিনাবাক্যে নিজের কর্তব্যটুকু করল। দাঁড়াল সোজা হয়ে। রামহরি সহানুভূতির সঙ্গে বলল, “যা, ইবারে পাড়াকে ঘুরে যা।”

ষোলোআনার বাগাল লক্ষণ্যা লোহার এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। লোহারদের আর তো কারো ষোলোআনায় থাকার অধিকার নেই। থাকেও না কেউ। তবে পাড়ায় বসে রুদ্ধশ্বাস অপেক্ষা চলে বিধানের খবরটুকুর জন্য। সে খবর বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব থাকে ষোলোআনার বাগালের উপরেই। তাই লক্ষণ্যা কালিন্দীর কাছে এগিয়ে এল। বলল, “সদ্দার, চল্ থাইলে।”

কালিন্দী কোনো কথা বলল না। হাতের গোবর ছড়াতে ছড়াতে বেরিয়ে এল হরিমেলা থেকে। চোখ পাতল পশ্চিম আকাশের কোলে। দেখল, কাস্তেফালি চাঁদটা আর নেই। কখন যে ডুবে গেছে কালচক্রের প্রভাবে তা বোধ করি কেউ খেয়াল করেনি। তবু তারায়ভরা আঁধারের দিকে তাকাল কালিন্দী। বিড়বিড় করল, “হ্যা বাপ্ দেউ, আর কত! কতকাল কাটাতে হবেক্ তুমার শাপে!”

কিন্তু তার বিড়বিড়ানি সে আঁধার পর্যন্ত পৌঁছাল কিনা তার কিছু বোঝা গেল না। শুধু আকাশের তারারা মিটমিট করে চেয়ে রইল। নীরবে। আর রাতচোরা পাখীটা ডানা ঝাপটে এগিয়ে চলল কালিন্দীর মাথার উপর দিয়ে।

অনুকথা

(দশ)

গরমের তেজ বৈশাখ-জৈষ্ঠ্যকেও হারা মানাচ্ছে। চারিদিকে ভ্যাপসা গুমোট। রোদটাও কেমন যেন পচা চালকুমড়োর মতো ফ্যাকাসে। মেঘ যে একেবারে আসছে না তা নয়। কিন্তু তাতে বর্ষাবতীর পায়া-ভার নেই। পুকুরে বিছানো লিলির মতো ভেসে বেড়াচ্ছে আকাশের গায়ে। পাতলা হয়ে।

পাতলা হচ্ছে লোহারদের স্বপ্নের ঘোরও। বিশেষ করে জনক আর গরবির। গুইরাম আর পার্বতীর। গঁড়া আর আহ্লাদীর। তবে গঁড়া আর আহ্লাদীর স্বপ্ন-কণারা থিতোচ্ছে না অন্যকারণে। আবার ওদের দু’জনের কারণও ভিন্ন। গঁড়ার যেস্বপ্ন জমাট বেঁধেছিল তার নতুন বৌ আহ্লাদীকে ঘিরে এখন তা অনেকটাই ফিকে। আহ্লাদীর রহস্যময় আচরণের যত কোনো তল পাচ্ছে না সে ততই বিচলিত হয়ে উঠছে অনুরাগের রাগ। বদলে একটা অতৃপ্তি– একটা ভয় সব সময় তাড়া করে বেড়াচ্ছে তাকে। একমুহূর্ত কাছছাড়া করতে মন চাইছে না। তবু আজ গঁড়াকে বেরোতে হচ্ছে। পেটের টান। তাকে অগ্রাহ্য করার মতো বিলাসিতা লোহারপাড়ার কারোরই নেই। যেমন নেই গুইরামের আর পার্বতীর– জনক আর গরবির। সকলেই বেরিয়েছে জীবন খুটতে।

আহ্লাদী অবশ্য গঁড়ার এসব ভাবের ধার ধারে না। হাসে। কথা বলে হলফল করে। মজা করে। আর সব সময় একটা কৌতূহল বয়ে বেড়ায় মনের মাঝে। সে কৌতূহলের পাত্রটি হল বিকাশ। ঘরে আসতে যেতে তাকে দ্যাখে। চোখে চোখ পড়লে হাসে। কিন্তু তার সেহাসি হোঁচট খায় বিকাশের গোমড়া মুখের ভাবে। ফলে দিনে দিনে একটা জেদ আহ্লাদীর মনে বাসা বেঁধেছে। জানতে হবে কী এমন বড়ো মানুষ সে, যে গরবে তার মাটিতে পা পড়ে না! মানুষকে দেখেও মুখ ফিরিয়ে নেয়!

আজ সেসুযোগ পেয়েছে আহ্লাদী। তাই চটজলদি পা ফেলে চলে এল বিকাশদের বাদাড়গোড়ায়। ভ্রূ-কুঁচকে ভাবল কিছু। তারপর ভ্রূদু’টো ছেড়ে দিল আচমকা। ভালোমানুষের মতো মুখ নিয়ে উঠোনে ঢুকল। ডাক দিল, “কই গ খুড়ি! লতুন বৌকে ঘরকে ডাকবে নাই নাকি?”

দাওয়ায় বসেছিল বালি। বুনছিল খুজুর পাতির তালাই। গলা শুনে ব্যস্ত হয়ে উঠল। বলল, “উ মা! গু-খাকির বিটি বলে কী লো! ঘরের বৌকে ঘরকে ডাকব নাই ত কি পথে বোস করাঁই রাইখব নাকি! আয় মা, আয়। ঘরকে আয়।”

“ঘরের বৌ বটি বলেই ত আজ দু’মাস আসা হঁইয়ে গেলেক্ তবু একবারঅ ঘরকে ডাইকলে নাই! না কী বল খুড়ি?” আহ্লাদী একগাল হাসল। দাঁড়াল দাওয়ার খুটি ধরে। বালি বলল, “বোস্ মা, ইখ্যানটাতেই বোস্।” কিন্তু তার হাসিমুখ চুপসে গেল। হয়তো বা চুপসে গেল বাদাড় ধারের বেড়ালাঝোপের ছড়ানো ছায়ারা। কিন্তু বালির সেদিকে খেয়াল গেল না। তালাইপাটির মুখে দু’টো শুকনো খেজুরপাতি গুঁজে দিল। হাত চালিয়ে বলল, “সাদ য্যা একবারঅ যায় নাই তা লয় বৌ। তবে–”

বালির সঙ্গে থমকে গেল গুমোট হাওয়া। কিন্তু আহ্লাদির হাতে যেন টসরটুয়ার খি-টি এসে লাগল। এই তবুই তাকে এই ক’দিন অস্থির করে রেখেছে। তাই ক’টা খেজুরপাতি হাতে টেনে নিল। হাসিমুখেই বলল, “তবে কী বটে গ খুড়ি?”

“না, তেমন কিছুয়েই লয়। তবে তুর শ্বশুর রাগে-মাগে বাখনাবাখনি কইরবেক্– তাল্লাগেই– নাইলে ঘরের বৌকে ঘরকে ডাকতে কার না সাদ যায় তুঁইয়েই বল ক্যানে!”

“ক্যানে? আমার শ্বশুর বাখান কাইড়বেক্ ক্যানে?” সুযোগ পেয়ে গুমরানো কৌতূহলটা ছুঁড়ে মারল আহ্লাদী। বালি ফোঁস করে একটা শ্বাস ফেলল। বলল, “স্যা অ্যানেক কুথাই বটে মা! উসোব ভাই-ভায়াদের বিপার-সিপার তুর না শুনলেও চলবেক্।”

“স্যা নাইলে না শুনলম। কিন্তুক্ আমি ত আর ভাই-ভায়াদ লই। আমাকে কিন্তুক্ ধুরে ফেলে রাইখতে দুব নাই। তা বইলে রাইখচি খুড়ি। আমার যখন মন খুঁজবেক্ তখনেই চইলে আসব। কুকুরের পারা ধুরধুর কইরে ত আর খেদে দিতে লাইরবে!”

“দ্যাখ দেখি! গু-খাকীর বিটির মুয়ের কুথা দ্যাখ দেখি! বলে, তাই কখনু পারি লো! তুর যখনেই ইদিগ পানে মন পানাবেক্, তখনেই চইলে আইসবি। ই ত তুর লিজের ঘরেই বটে লো, নাকি!”

“বটে বলেই ত আলম গ খুড়ি। বলি, যাই, দেখে আসি, আমার খুড়িটি ক্যামন পারা লোক বটে।”

“ভালই ত করিচিস্ মা। খুবেই ভাল করিচিস্। এই নাইলে ঘরের বৌ লো! বাঁচে থাক মা। ইবারে ছিরটা কাল যেমন তুর মুয়ের হাঁসি এমনি পারাই মু’টিতে লাইগে রয়।”

“হাঁসির লাইগে আমার আশিব্বাদের দুরকার লাগে নাই গ খুড়ি! উ আমার ছিরকালেই মু’য়ে লাগে রয়। তবে আশীব্বাদ যদি কইত্তেই হয় থাইলে ইটাই কর ক্যানে, আমি যেমন তুমদের সুবাইকে আপন কইরে লিঁইয়ে ই ঘরেই কালটা কাটাতে পারি!” কথাটা বলেই চুপ করে গেল আহ্লাদী। হাসিমুখটা থমথমে হয়ে এল। খেজুর পাতার গাদা থেকে একে একে ন’টি পাতি বেছে নিল। সাজিয়ে ধরল বাঁহাতে। বালি গদগদ গলায় বলল, “তাই হবেক্ লো তাই হবেক্। ইবারে তুর হাতের লুয়া আর খুইলে ফেলতে হবেক্ নাই।”

“হ্যাঁ গ খুড়ি, তুমাদের গাঁয়ে সোব ক’পাতির পাটি বুনে?” আহ্লাদীর মুখ থেকে সরে গেল থমথমে রেখারা। বদলে আগের চপলতা ফিরে এল সেখানে। বাইরেও একচিলতে হাওয়া এসে নেড়ে দিয়ে গেল শ্যামপুকুর পাড়ের তেঁতুল পাতাদের। বালি সেসব খেয়াল করল না। বলল, “ছা’পাতি, ন’পাতি সোবেই ত কইত্থক্। তবে অ্যাখন আর ইসোব কাখুকেই কইত্তে দেখি নাই। উ বাবা গ! তুঁই তালাই বুনতেও পারিস্?”

“ই বাবা! তালাই বুইনতে লাইরব ক্যানে! তুমি য্যা কী বল নাই খুড়ি! আমার মা ত হরদমেই বুনচে।”

“হঁ, আমরা বুড়াবুড়িরা ত কেউ কেউ অ্যাখনঅ বুনচি। কিন্তুক্ তুরা আইজ-কাইলক্যার বিটিছ্যালা ত। তাথেই শিদাচ্চি। কই আমাদের গাঁয়েও তুর বয়েসী কত বিটিছ্যালাই ত রইচে! তাদেরকে ত একপাটি বুনতে দেখলম নাই কখনু। ইসোবে তাদের দুরকার নাই।”

“হঁ, ইট্যা তুমি ঠিকেই বলেচ। তবে আমার মা বলে, আমরা মানুষের জাত বটি। আমাদের কি আর শুদুমুদু প্যাটের খুল্যা জুবালেই কাজ চলে! কতকাল ধইরে চইলে আসা হাতের কাজকে জলঞ্জলি দিঁইয়ে বাবুগিরি করা ঠিক লয়। আমার বুন দু’টাও ত সোবেই পারে। আমার মায়ের হাত-বুনা তালাই যদি দ্যাখ নাই, থাইলে তুমার চোখ জুড়াঁই যাবেক্।”

“বিয়ান আমার ঠিকেই বলে মা। আমাদের উ বাবুর সঙে ত হরদমেই ইসোব লিঁইয়ে খিটুনি-বিঁদুনি লাইগেই রইচে। ত আমি বাপু ইসোব ছাইড়তে লাইরব। ই আমি সাফা কইরে উয়াকে বলে দিঁইচি।”

“উ-ট্যা ক্যা বটে গ খুড়ি?” কৌতুহলী হয়ে উঠল আহ্লাদী। ঘাড়কাত করে চোখ পাতল বালির মুখতলায়। জিজ্ঞাসা করল, “তুমি কার কুথা বইলচ?”

“কার আবার! হাঁ তুর দেয়রের। মিজাজ ত লয়, যেমন হাঁ পাকোড়তলের বঙা ঠাকুর। রাগ হরদমেই নাখের ডগটাতে ঝুলে রইচে।”

আহ্লাদী বুঝল এ বিকাশের কথাই হচ্ছে। অবাকও হল একটু। বিকাশ! সেই বিয়ের পরের দিনটিতে যে মুখটি দেখেছিল তা আহ্লাদী একপলকের জন্য ভোলেনি। সেই হাসিমুখ। সেই আপনকরা সম্বোধন। বুড়ি দিদিমার সঙ্গে তাল দিয়ে রসিকতা। অথচ কোথায় যেন সে সকলের থেকে আলাদা। সবই তার ঝরঝরে মনে আছে। কিন্তু কই তাকে তো সেদিন একফোটাও রাগী মনে হয়নি! বরং একটা নরমভাব লেপ্টে ছিল সারা মুখের আদলে। তাই মিনমিনে গলায় জিজ্ঞাসা করল, “উ কি ইসোব পছিন্দ করে নাই, নাকি খুড়ি? গাদে রাগী বটে ত তুমার ব্যাটা!”

“উয়ার কুথা মানে যদি চলিস্ ত উয়ার পারা ভাল ছেল্যা গুটা জগৎ-সমসারে দু’টি মিলা ভার। আর কুথা না শুনলেই ঘরকে মাথায় লিঁইয়ে লাইচবেক্!”

“ক্যানে গ খুড়ি?” প্রশ্নটা করেই মাথাটা নামিয়ে নিল আহ্লাদী। একে তো সব বিষয়ে তার কৌতূহল আর পাঁচজনের চেয়ে বেশি। তার উপর প্রথম সাক্ষাতের দিনই বিকাশের প্রতি তার শ্বশুরের ওই সব কথা, বিকাশের মাথা নিচু করে বেরিয়ে যাওয়া, আর একদিনও কোনো ছুতো নিয়ে তাদের ঘরে না যাওয়া– সব মিলিয়ে তার সম্পর্কে জানার আগ্রহটা লাগামছাড়া হয়ে গেছে আহ্লাদীর। অস্থির করে তুলেছে তাকে। সেই সঙ্গে ওই পাতান সম্পর্ক! ওই মিষ্টি ডাক! রাঙাফুল! সেকি ভোলার! তাই বালির মুখে বিকাশের রাগের কথায় ব্যাকুল জিজ্ঞাসা তার অজানতেই ঝরে পড়ল গলা বেয়ে। এমনকি তা বালির কানকেও এড়াতে পারল না। হেসে বলল, “উঁ– গুখাকির বিটির দেখচি দেয়রের দিগে গাদে ঝুঁক বটে!”

“ধুর, তা লয়। তা হবেক্ ক্যানে! তুমি বইল্লে, তাথেই আমিঅ শিদালম। নাইলে–

“উ আমার ক্যা বটে! এই ত বলতে খুঁজচিস্ তুঁই? ধুর খ্যাপি! ইয়াতে লাজ লাগার কীট্যা রইচে! আপনার লোকের খবর-অবর জানতে খুঁজাতে কনুই লাজ নাই লো! তাবাদে আমরা হলম হাঁ লাজের মাথা খাওয়া জাতে নুয়ার। আমাদের লাজ-সরম কি থাইকতে আছে! তবে–”

“তবে? তবে আবার কী বটে গ?”

“এই তুর দেয়রের কুথা বলচি। আমাদের সুমাজের উসোব খাটিলাচ কইরে ঘরে ঘরে মাগনে যাওয়া, হ্যাঁড়া খাঁইয়ে লাচন-কুঁদন, পাল্লার গায়েন ধরে ধুড়ুক লাচন ইসোব উয়ার দু’চোখের বিষ বটে। বলে, ইয়ার লাগেই সুবাই মেলে আমাদেরকে ছুটুলোক বলে।”

“ইবাবা! ছুটুলোককে ছুটুলোক বইলবেক্ নাই ত কী বাবুলোক বইলবেক্! ব্যাশ কুথা বটে যা হোকগ্যা তুমার বিটার!” দু’দিকে মাথা দুলিয়ে হাসল আহ্লাদী। বলল, “তা স্যা বাবুলোকটি গেইচে কুথাকে গ খুড়ি? ভাজকে দেখে ঘরের ভিতরে মু লুকাঁই বসে রইচে নাকি?”

“ক্যা জানচে মা, উয়ার মতিগতিই ত বুঝা ভার বটে।” বিকৃত মুখ তুলল বালি। অমনি ছলকে উঠল। বলল, “হাঁ দ্যাখ, চলে আইচে।”

বালির দৃষ্টি অনুসরণ করল আহ্লাদীও। দেখল, বিকাশ বগলে ক’টা বই চাপা দিয়ে উঠনে ঢুকেছে। আহ্লাদীকে দেখে থমকে গেল বিকাশের পা’জোড়া। ইশারা করল বালিকে। বালি বলল, “কাছকে আসেই দ্যাখ ক্যানে!”

অমনি একঝলক রক্ত ছলকে উঠল আহ্লাদীর মুখে। বুকের ভিতরটা ধড়ফড় করে উঠল আচমকা। বিকাশ পায়ে পায়ে এগিয়ে এল দাওয়ার কাছে। হাসির চেষ্টায় চওড়া করল ঠোঁটজোড়া। বলল, “অ, তুমি! ত, ক্যামন রইচ?”

হঠাৎ বদলে গেল আহ্লাদীর চাউনি। বিকাশের শুকনো গলার নিয়মরক্ষা তার কান এড়াল না। সেদিন তো ঠিক এই সুরে কথা বলেনি! তবু আহ্লাদী জোর করে চাপা দিল মনের ভাব। হাসল একচিলতে। বালিকে উদ্দেশ্য করে বলল, “খুড়ি, আমার পলাশফুলের কি মন বিগড়াঁই রইচে নাকি গ? চিনা লোকের সঙেও ক্যামন অচিনার পারা কইরে রা কাইড়চে!”

“পলাশফুলটা আবার ক্যা বটে লো!”

“তুমার ব্যাটা বটে, আবার ক্যা বটে! পেত্থম দ্যাখাতেই উ আমার সঙে পাতাঁইচে রাঙাফুল। তাথেই আমিঅ পাতাঁইচি পলাশফুল।” কথাটা শেষ করেই বিকাশের দিকে একটা কটাক্ষ ছুঁড়ে দিল আহ্লাদী। বালি খুশি হয়ে বলল, “তা ব্যাশ কইরেচিস্ মা। যেমন তুদের দু’টির ই পাতান সম্পক্ক ভাই-ভায়াদের গণ্ডুগুলকে মিটাই দিতে পারে!”

আহ্লাদীর থুতনিতে আঙ্গুল  ছুঁইয়ে তাতে চুমু খেল বালি। আবার রাঙা হল আহ্লাদীর মুখ। বালি আরও কিছু বলতে যাচ্ছিল। কিন্তু সেসুযোগ পেল না আর। তার আগেই বিকাশ বলল, “তুঁই বৌকে কিছু বলিস্ নাই?”

“কী আর বইলব বল্? উ ঘরের বৌ-মানুষ বটে। উয়াকে কি সোবকুথা খুইলে বলা যায়!”

“অ। কিন্তুক্ বলাটা ত দুরকার বটে। আচ্ছা, ঠিক আছে। অ্যা বোউ, তুমি একটুকুন আমার সঙে ইদিগে আইস ত।”

বিকাশের ইঙ্গিত আহ্লাদী কিছু বুঝতে পারল না। তাকাল বালির দিকে। বালি সায় দিয়ে বলল, “যা লো যা, উ কী বইলচে শুনে আয় মা!”

আহ্লাদী অবাক চোখে মা-ব্যাটাকে দেখে নিল একবার। তারপর ধীরে ধীরে পিছু নিল বিকাশের। টিনের চালাঘরটাতে ঢুকে দেখল, উত্তর দিকের দেওয়াল লাগোয়া পাতা রয়েছে একতা খাটিয়া। তার ল্যাজাড় দিকে কতকগুলো কাঁথা জড়ো করা। কোণে দু’টো টিন পাশাপাশি রাখা। তার উপর কতকগুলো বই-খাতা থাক দিয়ে সাজানো। আর একটা লিয়ালদড়ি দক্ষিণ দিকের দেয়াল বরাবর টাঙানো। তাতে গোটা দুই জামা-প্যান্ট ঝুলছে। বিকাশ একটা তালাই মেঝের উপর বিছিয়ে দিল। বলল, “বোস বৌ।”

ঘরটার চারিদিকে তাকাতে তাকাতেই বসল আহ্লাদী। বিকাশ খাটিয়ার বাজুতে বসে গম্ভীর গলায় বলল, “তুমি আমাদের লতুন বৌ বট। তুমাকে লিঁইয়ে কত আহ্লাদ করার কুথা। কিন্তুক্– কী কইরে য্যা বলি! আচ্ছা বৌ, তুমাকে তুমার শ্বশুরঘরের কেউ কিছুয়েই বলে নাই?”

কৌতূহল আর বাঁধ মানতে চাইল না আহ্লাদীর। তবু নিজেকে সামলে রাখল। বলল, “বলিচে ত। সারাদিনমান কত কীই ত বলে। তবে তুমি কীটি জানতে খুঁজচ সেইট্যা না বইল্লে আমি কী বইলব বল?”

“এই আমাদেরকে লিঁইয়ে?”

“হঁ, তাঅ বলিচে।”

“কী বলিচে?”

“বলিচে, তুমি গাদে লিখাপুড়া করিচ। একদিনকে গাদে বড়টি হবে। এই সোব।” আসল কথাগুলো চেপে একটু হাসল আহ্লাদী। বিশেষ করে তার মরদটি যে ঠিক উল্টো কথাগুলোই বলে তা আর প্রকাশ করল না। বিকাশ অবাক হল। আহ্লাদীর মুখের দিকে তীক্ষ্ণ চোখে তাকাল। বলল, “ই সোব বলে? আর কিছুয়েই লয়? আশ্চয্যি! আচ্ছা বৌ–”

“কী তখন থাইকে বৌ-বৌ কইচ্চ শুনি! সম্পক্ক যদি রাইখতেই লাইরবে থাইলে বড়-মু কইরে পাতান ক্যানে!” হঠাৎ খেঁকিয়ে উঠল আহ্লাদী। বিড়বিড় করে বলল, “আর আমিঅ য্যা ক্যামন পারা ব্যাহায়া বিটিছেল্যা বটি তার ঠিক নাই! ছিঃ!”

আবার অবাক হল বিকাশ। সেই বিয়ের পরের দিনের লাজবতী মেয়েটিকে দেখে মজার ছলে যে সম্বন্ধ পাতিয়ে এসেছিল তা যে সে এমন করে মনে রাখবে আর সেই ডাকটি শোনার জন্য এমন করে ফুঁসে উঠবে তা সে কখনও ভাবেনি। সময়ের গতি যে তাকে নতুনবৌয়ের লাজ-আড়ালি আগল ভেঙে কখন মুখরা করে দিয়েছে তাও আন্দাজ করতে পারেনি। তাই এই ফুঁসে ওঠাটুকুই তার মুখকে রাঙা করে তুলল। লম্বামাপে একটা শ্বাস টেনে বলল, “তার লাগেই ত বলচি রাঙাফুল, তুমি ইখ্যানকে আইসে ঠিক কর নাই। জ্যাঠা ইট্যাকে ভাল মনে লিবেক্ নাই।”

“ক্যা কী মনে লিলেক্ না লিলেক্, স্যাকুথা ভাইবে ত আমি ইখ্যানকে আসি নাই। তুমি সুবাইয়ের সুমুয়ে আমার সঙে রাঙাফুল পাতাঁইচ, আর আমি মনে মনে পাতাঁইচি পলাশফুল। অ্যাখন তুমি যদি আমাদের সম্পক্কটাকে না মাইনতে খুঁজ ত আলেদা কুথা বটে।” অভিমানভরা দু’চোখের খরদৃষ্টি আহ্লাদী সরিয়ে নিল জানালার দিকে। বিকাশ তড়িঘড়ি বলল, “আহা রাগ কইচ্চ ক্যানে রাঙাফুল? তুমাকে ছুটু কইরবার লাইগে আমি ইসোব বলি নাই। সারা জেবন ত তুমাকে উয়াদের সঙেই কাল কাটাতে হবেক্! তাথেই বলচি–”

“আচ্ছা পলাশফুল, আমাদের সঙে তুমাদের কী অ্যামন হঁইচে বল নাই, ভাই-ভায়াদে একবারেই মু দ্যাখাদেখি বন্দ হঁইয়ে গেইচে!”

“হবেক্ আবার কী! ধইত্তে গেলে তেমন কিছুয়েই লয়। অই তুমাদের বিয়া লিঁইয়ে–” প্রায় সবটা খুলে বলল বিকাশ। অমনি আহ্লাদী খিলখিল করে হেসে উঠল। মুখে আঁচল চাপা দিয়েও সেহাসির দাপটকে থামাতে পারল না। ভ্রূ-কুঁচকে বিকাশ জিজ্ঞাসা করল, “হাঁসচ য্যা? কী হলেকটা কী? শুদুমুদু হাঁসেই মইচ্চ য্যা!”

তবু আহ্লাদীর হাসি থামল না। মুহূর্তের মধ্যে বিকাশের সারামুখ লাল হয়ে উঠল। আপমানাহত গলায় ধমকে উঠল সে, “ধুৎতেরিক্যা!” ঝট করে উঠে দাঁড়াল খাটিয়া ছেড়ে। আহ্লাদী কোনোরকমে নিজেকে সামলে বলল, “হঁ-হঁ, লাও, আর হাঁইসব নাই। মাইরি বলচি আর হাঁইসব নাই। তবে তুমি অ্যামন মু’ট্যাকে চুন কইরে বইল্লে পলাশফুল, য্যা–” আবার উথলে উঠতে গেলে আহ্লাদীর কণ্ঠ। বিকাশ ধমকে উঠল সজোরে, “আবার!”

“ত হাঁসি পাঁইয়ে যেছে ত আমি কী কইরব!”

“সেই কুথাটাই ত আমিঅ শিদাচ্চি। আমি কী অমন বইল্লম য্যা হাঁসে একবারেই গড়াগড়ি খাইচ্চ?”

“অই য বইল্লে নাই, সাঙাকরা!”

“হঁ, বইল্লম। ত, স্যাটা কি হাঁসির কুথা বটে নাকি?”

“ত লয়! ই বাবা! আমি য্যা সত্যি সত্যিই সাঙালি বৌয়েই বটি গ পলাশফুল!”

“তাই যদি বট, থাইলে হ্যা-হ্যা কইরে অত হাঁইসে মইচ্চ ক্যানে?”

“ত হাঁইসব নাই! দাদাতে সাঙা কইচ্চে বলে তুমি বিয়াতে গেলে নাই। খুড়িকেও যাতে দিলে নাই! ইট্যা হাঁসির কুথা লয়?”

“হাঁসির কুথা! সাঙাকরা গাইদে ভাল কাজ বটে মনে হছে!”

“ক্যানে, খারাপেইট্যা কী বটে?”

“খারাপ লয়? একবার বিয়া কইরে তাখে মাইরেধইরে খ্যাদাড়ে দিঁইয়ে সাঙাকরাটা গাইদে ভাল জিনিস বটে, লায়?”

“ত যদি মনে অনুরাগেই না রইলেক্ থাইলে উয়াকে জোর কইরে ঘরে পুরে রাখেই বা কী অ্যামন মর্দাঙ্গীটা হবেক্ শুনি? স্যা-অ আপনার মনের পারা মরদ খুঁজে লিবেক্!”

“ই তুমি কী বইলচ রাঙাফুল! ইট্যা স্বেচ্ছাচার লয়! ইরকম কইল্লে কি সুমাজ টেকবেক্? ইয়ার লাগেই ত আমাদেরকে সোব ছুটুলোক বলে।”

যারপনাই আহত হয়ে বিকাশ তার খরদৃষ্টি পেতে রাখল আহ্লাদীর মুখে। আহ্লাদীও চোখ পাতল বিকাশের চোখতলায়। বেশকিছুক্ষণ তার কোনো জবাবই দিতে পারল না। বরং কিছু যেন ভাবল বিকাশের বিকৃত রেখাদের দিকে তাকিয়ে। তারপর নরম গলায় বলল, “পলাশফুল, আমি তুমার পারা অত লিখাপুড়া করি নাই। তুমার পারা কইরে ভাইবতেও লারি। তবে আমার মনে ল্যায়, একবার হাতে লুয়া পইরে লিঁইচি বলে মনের মেল হোক আর না হোক, তার সঙেই ছিরটাকাল কাটাতে হবেক্, তুমার ইকুথাটা মাইনে লিতে লাচ্চি। আমার কুথাটাই ধর ক্যানে! আমার বিয়া হঁইছিলেক্ দশ-ইগার বছর বয়েসে। তখন ভাবভালবাসা– মনমেলের কতটুকুন বুঝথম বল ক্যানে! স্যা নাইলে আমার স্যা মরদ বাজ পইড়ে মইল্লেক্। ত স্যা যদি বাঁচেই থাকতক্, আর ডাগরটি হঁইয়ে পদে যদি উয়ার নাইলে আমার মন বদলাঁই যাথক্, থাইলে আমাদেরকে সুমাজের নামে জোর কইরে আটকাঁই রাখাটাই বেশি খারাপ হথক নাই? তাথেই বরং নুয়ারসুমাজে অশান্তি বাড়থক্ বৈ কমথক্ নাই। তাবাদে ধর ক্যানে, উসোব সুমাজফুমাজ যাই বল ক্যানে, স্যাসোব ত বাউন-কায়েতদের বটে গ! নুয়ারদের আবার উসোব হলেক্ কবে?”

এবার বিকাশের মুখে আর বাক্যি সরল না। নিজের বক্তব্যের সমর্থনে তেমন জোরালো যুক্তিও খুঁজে পেল না আর। তবু গলার জোর বাড়িয়ে বলল, “তুমি জান, গঁড়া দাদা আগের বৌটাকে জাঙলাঁই খ্যাদাড়ে দিঁইচে?”

“হঁ, জানি বৈকি। স্যা ত উ মাগি বাঁজা ছিলেক্ বইলে।”

“কী কইরে জানলেক্ উ বাঁজা ছিলেক্?”

“ক্যানে জানবেক্ নাই? আজ অত বছর বিয়া হঁইচে, বাঁজা না হইলে কি একটাও ছানাপুনা বিয়াথক্ নাই?”

“তার লাইগে কি দোষ ইকা উয়ারেই? ক্যানে, দোষ ত গঁড়াদাদারঅ থাইকতে পারে!”

“ই তুমি কী বইলচ পলাশফুল!” সিউরে উঠল আহ্লাদী। ভ্যাবাচ্যাকা খাওয়া চোখে তাকাল বিকাশের দিকে। বিড়বিড় করল, “মরদ মানুষের আবার দোষ থাইকে নাকি গ?”

“ত থাকে নাই! ক্যানে, মরদ মানুষ কি ধুয়া তুলসিপাতা বটে নাকি? প্রাকৃতিক ব্যাপারে দোষ য্যা কারুরেই থাইকতে পারে।”

“ক্যা জানচে বাবা!”

“তবে? ভাইবে দ্যাখ দেখি, আগের বৌটা কত দুঃখু পাঁইচে উয়ার হাতে!”

“হঁ, ইট্যা তুমি ঠিকেই বলিচ।” আনমনাভাবে কথাটা আওড়াল আহ্লাদী। তারপরই যেন নিজেকে খুঁজে পেল। চিকচিকে চোখে ঝিলিক তুলে তাকাল বিকাশের দিকে। মৃদু হেসে বলল, “দুঃখু পাইতে যাবেক্ ক্যানে? ই ত বরং ভালই হলেক্। উ ত ইবারে মনের পারা মরদ খুঁজে লিঁইয়ে মা হতে পাইরবেক্। মা ষষ্ঠী না করুক্, কিন্তুক্ যদি তুমার দাদার কোনু গণ্ডুগুল থাকেই তবে উয়ার সঙে থাইকলে ত উ কোনুকালেই মা হতে লাইত্থক্। তাও বইলব, মাইরধইর করাটা ঠিক কাজ লয়। মনে না লিলে হাতের লুয়াটা খুলে লিলেই হলেক্!”

“আর তুমি? তুমার কীট্যা হবেক্?”

“আমার আবার কীট্যা হবেক্! ষেটারঅ দিনে মা ষষ্ঠী কুপালে যা লেখেচে তাই হবেক্।”

“উঃ, রাঙাফুল! তুমি বুজতে লাইচ্চ। ইসোব ঠিক লয়। তাবাদে আবার হেঁড়িয়্যা খাঁইয়ে মেইয়্যামরদের ধুড়ুক লাচন– উঃ! অসহ্য!”

“ইয়ার লাগেই ভাই-ভায়াদ ছাইড়লে? শুন পলাশফুল, তুমি লিখপুড়া করা লোক বট। আমার থাইকে অ্যানেক বেশি জান-বুজ। তবু বলচি, উয়াদের ধম্ম উয়াদের কাছে আর আমাদের ধম্ম আমাদের কাছে। লিজেকে ভুলে আর কারুর পারা হতে যাওয়াতে কোনুই সুখ নাই। তুমি যদি আমার কাপড়টা পইরে, চুড়ি-লুয়া পরে ঘুরে বুল থাইলে সেইট্যা ক্যামন পারা লাগবেক্ বল ক্যানে? যাকগুয়া, অ্যানেক কুথা বইলে ফেইল্লম। তুমি আবার আমাকে কী ভাইবচ ক্যা জানচে বাবা! মনে কিছু লিঅ নাই গ পলাশফুল। আজকে যেছি। পরে আবার আইসব। দ্যাখ, ভাই-ভায়াদের সাঙালি বৌ বইলে আবার পথের কুকুরের পারা খেদে দিঅ নাই ভাই!”

বিকাশ আবার রাগতে গিয়েও হেসে ফেলল। আহ্লাদীকে এগিয়ে দেওয়ার জন্য খাটিয়া ছেড়ে উঠে দাঁড়াল। ঝাঁজ মুছে নরম গলায় বলল, “উঃ, রাঙাফুল! তুমি গাইদে ফাদিল বট। মুয়ে যা আইসচে তাই বলে যেছ!”

“আঁ!” বোঁ করে ঘুরে দাঁড়াল আহ্লাদী। দু’পা এগিয়ে এল। প্রায় বিকাশের বুকের কাছে মুখ এনে চোখ পাতাল তার চোখতলায়। চিকচিকে চোখে সোহাগ ছলকে বলল, “বটি! ফাদিল বটি! গাইদে ফাদিল? ব্যাশ ত! ভাল কুথা বটে। অ্যাত তাগাদা মইরে ত যাব নাই। দেখতেই পাব, কন বাউনের বিটিতে আমার পলাশফুলটির হাত থাইকে লুয়া পচ্চে!”

নিজের অধরখানা দাঁত দিয়ে আলত করে চেপে ধরল আহ্লাদী। একটুক্ষণ তাকিয়ে থেকে ফিক করে হেসে দিল ফচকেল হাসি। বিকাশ কিছু একটা বলতে গেল। কিন্তু সেসুযোগ পেল না। তার আগেই বোঁ করে ঘুরল আহ্লাদী। লঘুপায়ে হাঁটা শুরু করল বাদাড়ের দিকে। অমনি অকারণেই বিকাশের বুকচিরে বেরিয়ে এল একটা দীর্ঘশ্বাস। এগিয়ে যাওয়া আহ্লাদীর লঘুছন্দের দিকে তাকাল। হঠাৎ কিছু মনে হতেই ডাক দিল, “রাঙাফুল, আরেকবার একটুকুন শুনে যাও।”

ঠিক এই মুহূর্তেই ডেকে উঠল একটা মোরগ। তার পাড়া জাগানো চিৎকারে চাপা পড়ে গেল বিকাশের পিছু ডাক।